বিধবা নারীর ইদ্দত, শোক পালনের বিধান, মৃত্যুর পর করণীয়, বিলাপের নিষেধাজ্ঞা, ঈসালে সাওয়াব ও ইখলাসের গুরুত্ব, সুরা বাকারা, ২:২৩৪-২৩৫

🌿 ১২ ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
২৭ মহররম ১৪৪৮ হিজরী

Copied!

তাফসীরের সারসংক্ষেপ

সূরা: আল-বাকারা
আয়াত: ২৩৪–২৩৫

সম্পূর্ণ ক্লাসের অডিও রেকর্ডিংস

আরবি আয়াত: ﴿٢٣٤﴾
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ ﴿٢٣٥﴾
وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْنَنتُمْ فِي أَنفُسِكُمْ ۚ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّا أَن تَقُولُوا قَوْلًا مَّعْرُوفًا ۚ وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنفُسِكُمْ فَاحْذَرُوهُ ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ

আলোচ্য বিষয়: বিধবা নারীর ইদ্দত, শোক পালনের বিধান, মৃত্যুর পর করণীয়, বিলাপের নিষেধাজ্ঞা, ঈসালে সাওয়াব ও ইখলাসের গুরুত্ব।

সংক্ষিপ্ত স্ক্রিপ্ট:

🔹 বিধবা নারীর ইদ্দত:

স্বামীর ইন্তেকালের পর গর্ভবতী না হলে বিধবা নারীর ইদ্দত চার মাস দশ দিন। আর গর্ভবতী হলে সন্তান প্রসব পর্যন্ত ইদ্দত চলবে।

ইদ্দতের সময় স্বামীর ঘরেই অবস্থান করা ওয়াজিব। তবে জান-মাল বা ইজ্জতের আশঙ্কা থাকলে অথবা চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে দিনের বেলায় বাইরে যাওয়ার অনুমতি রয়েছে।

ইদ্দত চলাকালীন কোনো ধরনের জীনাত (সাজসজ্জা) গ্রহণ করা যাবে না। যেমন—সুগন্ধি ব্যবহার, চাকচিক্যময় বা আকর্ষণীয় পোশাক পরিধান, অলংকার ব্যবহার কিংবা সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সাজসজ্জা করা।


🔹 শাহাদাতের মর্যাদা ও তার আকাঙ্ক্ষা

মৃত্যুর মধ্যে সর্বোত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। শাহাদাত মূলত দুই প্রকার—

১. শাহাদাতে হাকীকী:
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে তাদের হাতে নিহত হওয়া।

২. শাহাদাতে হুকমী:
এটি প্রকৃত যুদ্ধক্ষেত্রের শাহাদাত নয়; তবে আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহে বান্দাকে শহীদের মর্যাদা দান করেন। এমনকি আল্লাহ চাইলে কোনো ব্যক্তি নিজের বিছানায় ইন্তেকাল করেও শহীদের সওয়াব লাভ করতে পারেন। কুরআন ও হাদীসের বর্ণনাগুলো একত্র করলে শাহাদাতে হুকমীর কারণ প্রায় পঞ্চাশটিরও বেশি পাওয়া যায়।

যেমন, রাসূল ﷺ ইরশাদ করেছেন—

«دُونَ الْحَرْقِ وَالْغَرَقِ فَهُوَ شَهِيدٌ»

অর্থাৎ, যে ব্যক্তি আগুনে পুড়ে অথবা পানিতে ডুবে ইন্তেকাল করে, সে শহীদের মর্যাদা লাভ করে। অনুরূপভাবে বিভিন্ন হাদীসে জুমার দিন বা জুমার রাতে ইন্তেকালকারী ব্যক্তির জন্যও বিশেষ ফযীলতের কথা বর্ণিত হয়েছে।

এ কারণে প্রত্যেক মুমিনের অন্তরে শাহাদাতের আকাঙ্ক্ষা থাকা উচিত। রাসূল ﷺ ইরশাদ করেছেন, যে ব্যক্তির অন্তরে শাহাদাতের তামান্না নেই, তার মৃত্যু মুনাফিকীর একটি শাখার ওপর হওয়ার আশঙ্কা রয়েছে।

রাসূলুল্লাহ ﷺ-এর অন্তরে শাহাদাতের আকাঙ্ক্ষা ছিল অত্যন্ত প্রবল। তিনি ইরশাদ করেছেন—

«لَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ»

অর্থাৎ, “আমার প্রবল ইচ্ছা, আমি আল্লাহর পথে শহীদ হই, তারপর আমাকে জীবিত করা হোক; পুনরায় আমি শহীদ হই, আবার জীবিত করা হোক; আবার আমি শহীদ হই।”

দুঃখজনকভাবে আজ আমাদের অধিকাংশের আকাঙ্ক্ষা কেবল স্বাভাবিক মৃত্যুর প্রতি, অথচ সাহাবায়ে কেরামের অন্তর ছিল শাহাদাতের তামান্নায় পরিপূর্ণ।

হযরত উমর ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু) দোয়া করতেন—

«اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي بِبَلَدِ رَسُولِكَ»

অর্থাৎ, “হে আল্লাহ! আমাকে আপনার পথে শাহাদাতের মৃত্যু দান করুন এবং আপনার রাসূল ﷺ-এর নগরীতে আমার মৃত্যু নসিব করুন।”

🔹 মৃত্যুর পর করণীয়

কোনো ব্যক্তি ইন্তেকাল করলে দ্রুত দাফন-কাফনের ব্যবস্থা করা সুন্নত। অপ্রয়োজনীয়ভাবে এক শহর থেকে অন্য শহরে লাশ স্থানান্তর করা শরীয়তে অপছন্দনীয়।

মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করা, অজু করে নামাজে দাঁড়ানো এবং আল্লাহর দিকে মনোযোগী হওয়াই একজন মুমিনের করণীয়।

🔹 বিলাপ সম্পর্কে ইসলামের নির্দেশনা

চোখের অশ্রু ও স্বাভাবিক শোক প্রকাশ বৈধ। রাসূল ﷺ তাঁর পুত্র ইবরাহীম (রা.)-এর ইন্তেকালে অশ্রুসিক্ত হয়েছিলেন এবং বলেছেন, “এটি আল্লাহর রহমত।”

কিন্তু উচ্চস্বরে বিলাপ করা, চুল ছেঁড়া, মুখমণ্ডলে আঘাত করা, কাপড় ছিঁড়ে ফেলা এবং জাহিলিয়াতের রীতিতে মাতম করা কঠোরভাবে নিষিদ্ধ।

🔹 কখন মৃত ব্যক্তি বিলাপের কারণে শাস্তির সম্মুখীন হতে পারেন?

ফকীহ ও মুফাসসির আল্লামা কাজী ছানাউল্লাহ পানিপথী (রহ.) মালাবুদ্দা কিতাবে উল্লেখ করেছেন, নিম্নোক্ত চার অবস্থায় মৃত ব্যক্তি জবাবদিহির সম্মুখীন হতে পারেন—

১. জীবিত অবস্থায় বিলাপ করার অসিয়ত করে যাওয়া।
২. বিলাপকে সমর্থন করা।
৩. নিজে বিলাপ করার অভ্যাস থাকা।
৪. মৃত্যুর পর স্বজনেরা বিলাপ করবে জেনেও তাদের নিষেধ না করা।

🔹 শোক পালনের সময়সীমা

সাধারণভাবে মৃত ব্যক্তির জন্য তিন দিন পর্যন্ত শোক প্রকাশের সুযোগ রয়েছে। তবে বিধবা স্ত্রীর ইদ্দতের বিধান পৃথক, যা চার মাস দশ দিন (বা গর্ভবতী হলে সন্তান প্রসব পর্যন্ত)।

🔹 মৃতের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব

মৃত ব্যক্তির পরিবারের জন্য খাবার পৌঁছে দেওয়া সুন্নত। অথচ সমাজে অনেক স্থানে উল্টো শোকাহত পরিবারের ওপরই অতিথিদের আপ্যায়নের চাপ সৃষ্টি করা হয়, যা সুন্নতের পরিপন্থী।

🔹 ঈসালে সাওয়াবের উত্তম মাধ্যম

মৃত ব্যক্তির ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে পানির ব্যবস্থা করা, গাছ লাগানো, ক্ষুধার্ত, দরিদ্র ও মুসাফিরকে আহার করানোসহ বিভিন্ন নেক আমল করা উত্তম। তবে প্রচলিত রীতিতে নির্দিষ্ট আনুষ্ঠানিক ভোজকে দ্বীনের অংশ মনে করা সঠিক নয়।

🔹 ইখলাসের গুরুত্ব

প্রতিটি নেক আমলের প্রাণ হলো ইখলাস। একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা আমলই কবুল হয়। ইখলাসের সুগন্ধ দুনিয়ার চারদিকে ছড়িয়ে পড়ে; একে কখনো গোপন রাখা যায় না। তাই প্রতিটি আমল আল্লাহর সন্তুষ্টির জন্যই করা উচিত।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফীক দান করুন। আমীন।

সংকলন ও পরিমার্জন

আব্দুল্লাহ সৈকত
সহকারী অধ্যাপক
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়

Copied!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *